Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের দলে একাধিক পরিবর্তন

New zeal and
নিউজিল্যান্ড দলে একাধিক পরিবর্তন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরকে সামনে রেখে দলে একাধিক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। চোটের কারণে সীমিত ওভারের দুই দল থেকেই বাদ পড়েছেন অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলছেন ক্লার্ক। সেখানে এক ম্যাচে ক্যাচ নিতে গিয়ে তার ডান হাতের তালুতে চোট লাগে। চামড়া ফেটে যাওয়ায় তিনি আর মাঠে ফিরতে পারেননি। এই চোটের কারণেই বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

চলতি বছরের শুরুতে ভারত সফরে জাতীয় দলের হয়ে ভালো শুরু করেছিলেন ক্লার্ক। তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তবে চোট তার সেই ধারাবাহিকতা থামিয়ে দিল।



তার পরিবর্তে দলে আসা বেন লিস্টার ইতোমধ্যে জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলে মনে করছে দল ব্যবস্থাপনা।

এদিকে, পেসার বেন সিয়ার্স ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। কারণ তিনি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

চোট কাটিয়ে এই সফরে দলে ফিরছেন তিন পেসার ম্যাথু ফিশার, উইল ও’রুরক ও ব্লেয়ার টিকনার। পুরো সফরে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

এবারের সিরিজে ম্যাচ শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে আগের সময়ের চেয়ে ম্যাচগুলো আগে শুরু হবে। ওয়ানডে ম্যাচ শুরু হবে বেলা ১১টায়, আর টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

১৭ এপ্রিল ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে পরিবর্তিত দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট