Connect with us
ক্রিকেট

নাহিদ রানার গতিময় বোলিংকে প্রশংসায় ভাসালেন মঈন আলী

rana and moeen
নাহিদের প্রশংসায় মঈন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে দারুণ এক ম্যাচে বড় জয় পেয়েছে পেশোয়ার। আগের ম্যাচে ভালো করতে না পারলেও এবার নিজের সামর্থ্য দেখিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামও ১টি উইকেট নেন।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে পেশোয়ার। কুশল মেন্ডিসের শতকের ওপর ভর করে তারা তোলে ২৪৬ রান। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি।

ইনিংসের শুরুতেই শরিফুল ইসলাম আঘাত হানেন। তিনি কোনো রান না দিয়েই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন। এরপর নাহিদ রানা নিজের গতির বোলিং দিয়ে করাচির ব্যাটারদের চাপে ফেলেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মানতে হয় তাদের।



ম্যাচ শেষে করাচির অলরাউন্ডার মঈন আলী দুই বাংলাদেশি পেসারের প্রশংসা করেন। তিনি বলেন, পেশোয়ারের বোলাররা খুব ভালো বল করেছে, বিশেষ করে শরিফুল ও রানা। তারা ঠিক জায়গায় বল করেছে এবং পিচকে ভালোভাবে কাজে লাগিয়েছে।

নাহিদ রানার বিষয়ে মঈন বলেন, তার গতির বল খেলা সবসময় কঠিন। তিনি যে লেন্থে বল করেছেন তা খুব ভালো ছিল। এমন গতির বোলারদের নিয়মিত মোকাবেলা করতে হয় না, তাই তাকে সামলানো কঠিন হয়ে যায়। দ্রুত রান তোলার চাপ থাকায় ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, রানা খুব কম ভুল বল করেছেন। ফুল লেন্থ বা বাইরে খুব বেশি বল দেননি। আগে বিপিএলেও তার বিপক্ষে খেলেছেন বলে জানান মঈন। সেখানেও তাকে ভালো লেগেছে। তার গতি ও উচ্চতা তাকে আলাদা সুবিধা দিয়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশের হয়ে খেলতেও তাকে ভালো লেগেছে বলে জানান মঈন।

অন্যদিকে, ম্যাচ শেষে পেশোয়ারের অধিনায়ক বাবর আজম পুরো দলকে কৃতিত্ব দেন। তিনি বলেন, এটি ছিল দলের সম্মিলিত প্রচেষ্টা। ব্যাটিং থেকে পাওয়া আত্মবিশ্বাস বোলিংয়েও কাজে লেগেছে।

বাবর জানান, শুরু থেকেই পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভার কাজে লাগানো। তিনি ও মেন্ডিস মিলে সেই পরিকল্পনা সফল করেছেন। তাদের জুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে পেশোয়ার। শীর্ষে রয়েছে মুলতান।

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট