
আগামী জুনে মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এই বিশ্ব মহারণ সামনে রেখে বেশিরভাগ দেশই তাদের দল গুছিয়ে নিয়েছে। চলতি মাসের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। এরইমাঝে আলোচনায় উঠে এলেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
আসন্ন বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সুয়ারেজ। বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে উরুগুয়ে দলে ফিরতে চান ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। উরুগুয়ের সংবাদমাধ্যম দিয়েরিও ওভাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বর্তমানে মেজর সকার লিগে খেলা এই ফরোয়ার্ড।
সুয়ারেজ বলেন, ‘জাতীয় দল এমন একটা জায়গা, যেখানে আপনি সবসময় খেলতে চান। এটা নিয়ে আপনি আজই ভাবতে শুরু করতে পারেন। এটা আপনার মনে খেলা করতেই পারে। যেহেতু বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। যদি আপনাকে এখন জাতীয় প্রয়োজন পড়ে, কী করবেন? আমি কখনোই আমার দেশকে না বলব না।’
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন সুয়ারেজ। পুরোনো জৌলুস হারিয়েছেন আরও আগেই। যে কারণে নতুনদের সুযোগ করে দিতেই জাতীয় দল থেকে অবসরে যান এই ফরোয়ার্ড। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তাই যতদিন মাঠে আছেন, ততদিন জাতীয় দলের হয়ে খেলতেও প্রস্তুত এই ফরোয়ার্ড।
সুয়ারেজ বলেন, ‘নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম। আমার মনে হয়েছিল, আমি দলকে আর আগের মতো সাহায্য করতে পারছি না। কিন্তু এখনও যদি তারা আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই না বলব না। আমি যতদিন খেলছি, ততদিন জাতীয় দলের জন্য দরজা খোলা।’
উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে ৬৯ গোলের পাশাপাশি ৩৯টি অ্যাসিস্ট রয়েছে এই কিংবদন্তি ফরোয়ার্ডের।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি























