
ব্যাটিং ব্যর্থতায় চলমান পিএসএলে আরেকটি হারের মুখ দেখল পারভেজ ইমন-মুস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে শাহিন শাহ আফ্রিদির দল। চলতি আসরে চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।
আজ (বৃহস্পতিবার) করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ।
অভিজ্ঞ ব্যাটার ফখর জামানকে ছাড়াই আগের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে নিজেদের ব্যাটিং সক্ষমতার জানান দিয়েছিল লাহোর কালান্দার্স। মোহাম্মদ নাঈম-পারভেজ ইমনদের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৩ ওভারে ১৮৫ রান তুলে শেষ পর্যন্ত ২০ রানে জয় পেয়েছিল তারা। নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও ছিলেন না ফখর।
তবে ইসলামাদের বিপক্ষে বাংলাদেশের তারকা ইমনকেও পায়নি লাহোর। মুলতানের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন ইমন। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজকের ম্যাচে খেলতে পারেননি এই ব্যাটার।
ফখর ও ইমনের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে আজ বেশ ভুগেছে লাহোর। মোহাম্মদ নাঈমসহ টপ অর্ডারের চার ব্যাটারই ব্যর্থ হয়েছেন। আগের ম্যাচে ফিফটি হাঁকানো নাঈম আজ গোল্ডেন ডাকে বিদায় নেন। ওপেনিংয়ে তাকে সঙ্গ দেওয়া হাসিবুল্লাহ খান ১৯ রান করে আউট হন। তিনে নেমে আব্দুল্লাহ শফিক ১০ এবং চারে নামা রুবিন হারম্যান ৪ রানে বিদায় নেন।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডলে সিকান্দার রাজা ১৯ বলে ২৫ এবং আসিফ আলী ১২ বলে ১৫ রানের ইনিংস খেলে বিদায়। পরবর্তীতে রায়ার্ন বার্ল কিংবা শাহিন আফ্রিদিরা আর ইনিংসের হাল ধরতে পারেননি। তাতে কোনোমতে শতরান ছুঁয়েই গুটিয়ে যায় লাহোর।
ইসলামাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রিস গ্রিন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেনে ইমাদ ওয়াসিম, সাদাব খান ও রিচার্ড গ্লিসন। এছাড়া একটি উইকেটের দেখা পান ফাহিম আশরাফ।
স্বল্প রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেননি লাহোর। ম্যাচের তৃতীয় ওভারে ১১ রানের মাথায় সামির মিনহাসের (৫) উইকেট তুলে নেন শাহিন। এরপর আর উইকেটের দেখা পায়নি তারা। ডেভন কনওয়ে ও মোহাম্মদ ফাইকের ৪৯ বলে ৯৩ রানের জুটিতে ১১তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ।
ব্যাট হাতে ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন কনওয়ে। অপরপ্রান্তে ১৯ বলে ৬ চারের মারে ৩৪ রান করে অপরাজিত ছিলেন ফাইক। লাহোরের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট নেন শাহিন। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ২ ওভারে ১৬ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।
সংক্ষিপ্ত স্কোর :
লাহোর কালান্দার্স : ১০০/১০ (১৮.৩ ওভার)
ইসলামাবাদ ইউনাইটেড : ১০৪/১ (১০.২ ওভার)
ফলাফল : ইসলামাবাদ ইউনাইটেড ৯ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি



















