
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বব্যাপী চলছে জ্বালানি সংকট। যার প্রভাব পড়েছে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজেও। ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচই ছিল দিবারাত্রির। তবে বিদ্যুৎ সাশ্রয় করতে সিরিজের সবগুলো ম্যাচই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে তামিম ইকবাল গণমাধ্যমকে জানান, নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি ঘোষণা করেছে বিসিবি।
পূর্বের সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো ২টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। এই সফরের জন্য গত ৩০ মার্চ আলাদা করে দুই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আগেই জানা গিয়েছিল, প্রথম সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে না নিউজিল্যান্ড। মূলত ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল নিয়ে তারকা ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই আসছে কিউইরা৷
তাছাড়া দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্ট্যান্টনারও আইপিএল খেলার কারণে এই সিরিজ থাকছেন না। তার পরিবর্তে দুই সিরিজেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম। এর আগেও ২০২৩ সালে বাংলাদেশ সফরে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যাটার। তবে নিউজিল্যান্ডের দল ঘোষণা হলেও এখনও বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়নি।
আগামী ১৭ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি




















