
চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত দারুণ লড়াই করে হংকংকে হারিয়ে এশিয়ান গেমস হকির মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ৪-৪ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি।
বাছাইপর্বের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় দলটি। প্রথমে পেনাল্টি কর্নার থেকে গোল করেন রকি, এরপর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল। দ্রুত ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। কিছুক্ষণ পরই পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে হংকং। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় হংকং। এরপর ম্যাচে চাপ বাড়তে থাকে। ৪১ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। কিন্তু চতুর্থ কোয়ার্টারে আবারও ম্যাচে ফিরে আসে হংকং। তারা সমতা ফেরানোর পর এক মিনিটের ব্যবধানে আশরাফুল নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন।
কিন্তু এই লিডও ধরে রাখা যায়নি। হংকং পেনাল্টি স্ট্রোক পেয়ে গোল করে আবার ৪-৪ সমতা আনে। ম্যাচের শেষ দশ মিনিটে বাংলাদেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে কোনো দল এগিয়ে যেতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম শট মিস করায় কিছুটা চাপে পড়ে দলটি। তখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। কিন্তু গোলরক্ষক বিপ্লব কুজুর দারুণভাবে ঘুরে দাঁড়ান। তিনি প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে আবার লড়াইয়ে ফেরান।
এরপর রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। চতুর্থ শটে গোল করতে পারলে আগেই জিততে পারত বাংলাদেশ, তবে সেটি মিস হওয়ায় আবার সুযোগ পায় হংকং। তারা পঞ্চম শটে গোল করে সমতা আনে। শেষ শটে জয়ের জন্য গোল দরকার ছিল বাংলাদেশের। সেই চাপ সামলে গোল করেন রাব্বি, নিশ্চিত হয় দলের জয়।
এই জয়ের ফলে এশিয়ান গেমসে খেলার সুযোগ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাছাইপর্ব থেকে ছয়টি দল মূল পর্বে উঠবে। পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ওঠার মাধ্যমে বাংলাদেশ সেই তালিকায় জায়গা করে নিয়েছে।
এই টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। এর আগে তারা কয়েকবার চ্যাম্পিয়ন হলেও এবার বেশ কঠিন সময় পার করতে হয়েছে। হংকংয়ের বিপক্ষে এই ম্যাচেও জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে।
সব মিলিয়ে কঠিন পরিস্থিতি পেরিয়ে লক্ষ্য পূরণ করায় স্বস্তি ফিরেছে দলে। এখন মূল পর্বে ভালো করার লক্ষ্য নিয়েই এগোবে বাংলাদেশ হকি দল।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/টিএ






















