
গত বিসিবি নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে এনএসসি।
নতুন এডহক কমিটি গঠনের পর আজই বসেছে সভা। যেখানে তামিমসহ কমিটির ৬ জন সশরীরে উপস্থিত ছিলেন। বাকি ৫ জন সদস্য অনলাইনে সভায় যোগ দেন। রাত ৮টায় শুরু হয় এই সভা।
সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম। তিনি জানান, নতুন এই কমিটির প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।
তামিম বলেন, ‘যখন কেউ দায়িত্ব পান তখন ক্রিকেটের উন্নয়নের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল ব্যক্তিগতভাবে এটা মনে করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’
বিসিবির পরবর্তী কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করতে হবে এই কমিটিকে। এ নিয়ে তামিম বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে, তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা সেটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে করা যায় আমরা সেই চেষ্টাই করব।’
তামিমের মতে গত এক-দেড় বছরে দেশের ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাই প্রথমে দেশের ক্রিকেটের মর্যাদা ফিরিয়ে আনাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘গত এক-দেড় বছরে বাংলাদেশের ক্রিকেটের যে রেপুটেশন নষ্ট হয়েছে, এটা ঠিক করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।’
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি





















