
ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের টিকিট পেয়েছিল বাংলাদেশের সিনিয়র দল ও অনূর্ধ্ব-২০ দল। তবে দুটো টুর্নামেন্ট থেকেই কোনো প্রাপ্তি ছাড়াই বিদায় নিয়েছে লাল-সবুজের মেয়েরা। গত মার্চে অস্ট্রেলিয়াতে সিনিয়র দলের পর এবার থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচে ৩ হারে কোনো পয়েন্ট ছাড়াই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ভিয়েতনামের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ছবি- বাফুফে
এদিন থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটেই গোল হজম করে লাল-সবুজরা। পরবর্তীতে সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টার চালিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি সাগরিকারা। তাতে ১-০ গোলেই পরাজয় নিশ্চিত হয় আদঈদা-অর্পিতাদের।
অবশ্য এদিন ভিয়েতনামের চোখে চোখ রেখেই লড়াই করেছে বাংলাদেশ। আফঈদারের দখলে বল ছিল ৪৭ শতাংশ সময়। তবে ভিয়েতনামের রক্ষণে অনেকবার বল পাঠালেও গোলপোস্টে খুব একটা শট নিতে পারেননি সাগরিকারা। যার ফলে কোনো গোলের দেখাও পায়নি বাঘিনীরা।

বড় কোনো প্রাপ্তি ছাড়াই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। ছবি বাফুফে
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে চায়নার কাছে ২-০ গোলে পরাজয় বরণ করে বাটলারের শিষ্যরা। সবমিলিয়ে পুরো আসরে ২ গোলের বিপরীতে ৬ গোল হজম করেছে লাল-সবুজরা।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি






















