
গেল বছরের বিসিবি নির্বাচন ঘিরে বেশ কয়েকটি অভিযোগ প্রমানিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবির কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়েছে এনএসসি।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ ছিল বিসিবি নির্বাচন। এই বিষয়ে তদন্তের জন্য সম্প্রতি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তদন্ত কমিটি ২ দিন আগে সেই রিপোর্ট এনএসসিতে জমা দেয়। সেখানে বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে বেশকিছু অভিযোগের ভিত্তিতে আজ বুলবুলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ক্রীড়া পরিষদ।
আজ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে তদন্ত কমিটির রিপোর্ট পড়ে শোনান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। প্রতিবেদনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে এসেছে।
তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরা হলো-
সরকারি হস্তক্ষেপের অভিযোগ
সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠে এসেছে। তিনি এবং তার এপিএস সাইফুল ইসলাম বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। যার ফলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ই-ভোটিং নিয়ে কারচুপির অভিযোগ
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে ব্যবহৃত ই-ভোটিং পদ্ধতিতে গোপনীয়তা রক্ষা করা হয়নি। এটা আলাদাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক কাউন্সিলরকে রাজধানীর একটি হোটেলে একত্রিত করে ই-ভোট দিতে প্রভাবিত করা হয়েছে। এতে ভোটের স্বাধীনতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়েছে এবং গণতান্ত্রিক নির্বাচনের মৌলিক নীতির লঙ্ঘন হয়েছে বলে মনে করছে তদন্ত কমিটি।
বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
এককভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। বিসিবির সংবিধান অনুযায়ী সভাপতি এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না তিনি। তার এমন সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়ে প্রতিবেদনে।
বিসিবির পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে ক্রীড়া পরিষদ। যার নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরবর্তী কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন দেবে এই কমিটি।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি




















