
সাদা বলের সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। গুরুত্বপূর্ণ এই সিরিজটিকে সামনে রেখে মিরপুরে পুরোদমে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি।
গত মাসের মাঝামাঝিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। সিরিজ শেষে ঈদের ছুটি পায় টাইগাররা। ঈদের ছুটি শেষে মিরপুরে শুরু হয়েছে বিসিবির ফিটনেস ক্যাম্প। আসন্ন সিরিজের আগে নিজেদের ফিট রাখতে সেখানে ঘাম ঝরাচ্ছেন শান্ত-লিটনরা।
আজ সোমবার (৬ এপ্রিল) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প নিয়ে কথা বলেন ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস। এই তীব্র গরমে ক্রিকেটারদের কিছুটা কষ্ট হলেও দ্রুতই তারা মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন এই বিসিবি পরিচালক।
নাফিস বলেন, ‘আমাদের প্লেয়াররা অনেক কষ্ট করছে। আমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত চালিয়ে যেতে পারব। এখন গরম একটু বেশি। তবে প্লেয়াররা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে ক্রিকেটাররা। এই সময়টাকে কাজে লাগিয়ে ফিটনেসের পাশাপাশি ফিল্ডিং এবং অন্যান্য স্কিল নিয়েও কাজ করেছেন শান্তরা। নাফিস বলেন, ‘এই প্র্যাকটিস সেশনটা প্রথমে শুধুমাত্র ফিটনেস এবং ফিল্ডিংয়ের ওপর ছিল। এখন এর সঙ্গে স্কিল নিয়েও কাজ হচ্ছে। আমরা সাধারণত সিরিজের আগে খুব বেশি সময় পাই না। তবে এবার আমরা অনেকদিন সময় পেয়েছি। কোচিং স্টাফ এই সময়টাকে দারুণভাবে কাজে লাগাচ্ছে।’
শান্ত-লিটনরা মিরপুরে ঘাম ঝরালেও তানজিদ-মুস্তাফিজসহ বাংলাদেশের ৬ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত সময় পার করছেন। কিন্তু ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে আসবেন তারা। তবে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ফের তাদেরকে পিএসএলে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড।
আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/বিটি



















