
হার দিয়ে ২০২৬ আইপিএল শুরু করেছিল লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পন্তের নেতৃত্বাধীন দলটি তার সাবেক ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে এসেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে পন্তরা।
আজ রোববার (৫ এপ্রিল) আইপিএলের ১০তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ফিফটি হাকিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন ঋষভ পন্ত।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ।
এদিন রানতাড়ায় নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পন্ত। ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লখনৌ কাপ্তান। ৫০ বলে ৯ চারের মারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন এইডেন মার্করাম। ২৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। এছাড়া আব্দুল সামাদ ১৬, মিচেল মার্শ ১৪ এবং আয়ুশ বাদোনি ১২ রান করেন।
হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেন হার্শ দুবে। এছাড়া একটি করে উইকেট নেন ঈশান মালিঙ্গা ও শিবাং কুমার।
এর আগে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে দেড়শোর্ধ্ব রানের পুঁজি গড়ে হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। আরেক ব্যাটার নিতীশ কুমার রেড্ডি খেলেন ৫৬ রানের ইনিংস। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। এছাড়া লিয়াম লিভিংস্টোন ১৪ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
লখনৌর হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ শামি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন এই পেসার। এর বাইরেও ২টি করে উইকেট নেন প্রিন্স যাদব ও আভেশ খান। এছাড়া একটি করে উইকেট নেন মনিমারান সিদ্ধার্থ ও দিগবেশ সিং রাঠি।
সংক্ষিপ্ত স্কোর :
সানরাইজার্স হায়দরাবাদ : ১৫৬/৯ (২০ ওভার)
লখনৌ সুপার জায়ান্টস : ১৬০/৫ (১৯.৫ ওভার)
ফলাফল : লখনৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৬/বিটি





















