Connect with us
ক্রিকেট

ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বিসিবি

BCB seeks to normalize relations with the Indian board.
বাংলাদেশ বনাম ভারত। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত বছর এশিয়া কাপের আগে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নিরাপত্তার কারণ তখন সিরিজটি স্থগিত করেছিল বিসিসিআই। তখন থেকেই দুই বোর্ডের মধ্যে কিছুটা টানাপোড়েন শুরু হয়।

তবে দুই বোর্ডের দূরত্ব আরও বেড়ে যায় চলতি বছরের শুরুতে মুস্তাফিজুর রহমান এবং বিশ্বকাপ ইস্যুতে। উগ্রবাদী হিন্দুত্ববাদের হুমকির মুখে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় বিসিসিআই। যার জের ধরে অন্তবর্তী সরকারের নির্দেশে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। তাতে দুই বোর্ডের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে

তবে দুই বোর্ডের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে পুনরায় স্বাভাবিক অবস্থানে ফিরতে চায় বিসিবি। সেই লক্ষ্যে বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। গতকাল (শনিবার) বোর্ড সভা শেষে সেই চিঠির বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।



মূলত ভারতের বাংলাদেশ সফরের পাশাপাশি বাংলাদেশের মেয়েদেরও ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে দুটো সিরিজই স্থগিত হয়। তাই এই সিরিজগুলো নতুন করে মাঠে ফেরানো এবং দুই বোর্ডের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি।

ফাহিম বলেন, ‘আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল। বাতিল হওয়া সিরিজগুলো পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে মূলত এই প্রসঙ্গেই চিঠি পাঠানো হয়েছে।’

তবে দুই বোর্ডের মধ্যে আরও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর কথাও বলা হয়েছে চিঠিতে। ফাহিম আরও বলেন, ‘সিরিজের পাশাপাশি দুই বোর্ডের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, আমরা কোনো ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। যদিও এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার অপেক্ষা করছি। আশা করি দ্রুতই তাদের কাছ থেকে জানতে পারব।’

বাংলাদেশ ভারত সিরিজের পুননির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের। এরপর ১ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ এবং ৯ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। অন্যদিকে নারীদের স্থগিত হওয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি পুনরায় মাঠে গড়াবে বলেও আশা করছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট