
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নিউজল্যান্ড। এই সিরিজে বাংলাদেশের জন্য ওয়ানডে ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ন। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ওয়ানডে সিরিজে ভালো করে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে টাইগারদের।
ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেহেদি হাসান মিরাজের দল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে টাইগাররা, বিশ্বাস দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের।
আজ শনিবার (৪ এপ্রিল) আশরাফুল গণমাধ্যমকে বলেন, ‘পাকিস্তান সিরিজে জেতার পর আমারা র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছি। আসন্ন এই সিরিজটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা নিজেদের মাটিতে খেলন, তাই আমরা অনেক আত্মবিশ্বাসী। যদি আমরা আমাদের সেরা খেলা উপহার দিতে পারি, আমরা যেকোনো দলকেই হারানোর সক্ষমতা রাখি।’
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই নিয়েও চিন্তিত নন আশরাফুল। এখন বিশ্বকাপ নিয়ে ভাবছে কোচিং প্যানেল। তিনি বলেন, ‘আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি কোয়ালিফাই নিয়ে একদমই চিন্তিত নন । আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আমাদের চিন্তা এখন। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি সেটা নিয়েই ভাবছি। অবশ্যই আমাদের নিজেদের মাঠেচ সিরিজ গুলোতে জিততে চাইব।’
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের মাটিতে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। সেখানে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৬/বিটি




















