Connect with us
ক্রিকেট

এক উইকেট পেলেই আমিরকে পেছনে ফেলে শীর্ষে উঠবেন মুস্তাফিজ

amir and Fizz
আমিরের ঘাড়ে নিঃশ্বাস মুস্তাফিজের। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে উইকেটের দৌড় এখন বেশ জমে উঠেছে। মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ আমির দুজনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। অভিজ্ঞ এই দুই বোলারের মধ্যে ব্যবধান এখন মাত্র এক উইকেট। তাই আজকের ম্যাচেই শীর্ষস্থান বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে টি-টোয়েন্টিতে ৪১৫ উইকেট নিয়ে সবার ওপরে আছেন আমির। তার ঠিক পেছনেই ৪১৪ উইকেট নিয়ে রয়েছেন মোস্তাফিজ। পাকিস্তান সুপার লিগে আজ লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। প্রতিপক্ষ মুলতান সুলতানস। এই ম্যাচে তিনি যদি দুই উইকেট নিতে পারেন, তাহলে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় উঠে যাবেন শীর্ষে।

চলতি আসরে দুজনই সমানতালে উইকেট নিচ্ছেন। এখন পর্যন্ত তারা দুটি করে উইকেট পেয়েছেন। তবে বোলিংয়ের নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে আছেন মুস্তাফিজ। কম রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রে তিনি বেশি কার্যকর প্রমাণিত হয়েছেন।



মুস্তাফিজের বোলিংয়ের একটি বড় দিক হচ্ছে তার বৈচিত্র্য। ইনিংসের শুরুতে তিনি নতুন বলে ব্যাটারদের সহজে রান করতে দেন না। আবার শেষ দিকে এসে তার ধীরগতির বল ও কাটারে অনেক সময়ই বিপাকে পড়ে প্রতিপক্ষ। এখন পর্যন্ত তার করা বলের একটি বড় অংশেই ব্যাটাররা রান নিতে পারেননি। বিশেষ করে ইনিংসের শেষভাগে তার নিয়ন্ত্রণ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে।

তার এই ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট লাহোর কালান্দার্সও। দলটি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করেছে। কঠিন সময়ে ঠাণ্ডা মাথায় বল করা, পরিকল্পনা মেনে খেলা এবং প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতার কথা তুলে ধরা হয়েছে সেখানে।

লাহোর দলে মুস্তাফিজের সঙ্গে খেলছেন তার জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসেন ইমন। যদিও ব্যাট হাতে এখনো তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। দুই ম্যাচে করেছেন মোট ২৬ রান। দল হিসেবে লাহোর এখন পর্যন্ত দুই ম্যাচে একটি জয় পেয়েছে এবং একটি ম্যাচে হেরেছে।

সব মিলিয়ে আজকের ম্যাচটি মুস্তাফিজের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। শুধু দলের জন্য নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও এটি হতে পারে বড় একটি দিন। তিনি কি আমিরকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়তে পারবেন, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট