
ঢাকার ক্লাব ক্রিকেটে দীর্ঘদিন ধরে স্থবিরতা চলছে। গত বছরের অক্টোবরে বোর্ড নির্বাচন হওয়ার পর থেকেই এই অচলাবস্থা তৈরি হয়। মৌসুম প্রায় শেষের দিকে চলে এলেও এখনো শুরু হয়নি ঢাকা প্রিমিয়ার লিগ। এত দিন এ নিয়ে তেমন কোনো উদ্যোগও চোখে পড়েনি।
তবে পরিস্থিতি বদলানোর চেষ্টা হিসেবে প্রিমিয়ার লিগে খেলা ১২টি ক্লাবকে বৈঠকের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৮ এপ্রিল মিরপুরে বোর্ড ভবনে এই বৈঠক আয়োজন করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। চিঠিতে জানানো হয়েছে, বৈঠকে দলবদল এবং লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হবে।
বোর্ড নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বর্তমান পরিচালনা পর্ষদকে অনেক ক্লাবই বৈধ মনে করছে না। এ কারণে প্রিমিয়ার লিগসহ এই কমিটির অধীন সব ধরনের প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয় ঢাকার বেশির ভাগ ক্লাব।
এরই মধ্যে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগ আয়োজন করা হলেও সেখানে অংশ নেয় সীমিত সংখ্যক ক্লাব। ২০টি ক্লাবের মধ্যে ১২টি নিয়ে প্রথম বিভাগ এবং ২৪টির মধ্যে ১২টি নিয়ে দ্বিতীয় বিভাগ লিগ অনুষ্ঠিত হয়েছে।
প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। বেশির ভাগ ক্লাব এখনো খেলতে আগ্রহী নয়। জানা গেছে, দুই বা তিনটির বেশি ক্লাব এই বৈঠকে অংশ নাও নিতে পারে। তাই বড় কোনো পরিবর্তন না হলে শিগগিরই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাবনা খুব কম।
এর পাশাপাশি তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোকেও ৪ এপ্রিল বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে সেখানেও বেশির ভাগ ক্লাব অংশ নেবে না বলেই ধারণা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৬/টিএ






















