
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ম্যাচে হারল রিশাদ হোসেনদের দল রাওয়ালপিন্ডিজ। আসরে নিজেদের প্রথম ম্যাচে দুইশোর্ধ্ব রানের টার্গেট দিয়েও পেশোয়ার জালমির কাছে হেরেছিল তারা। এবার দ্বিতীয় ম্যাচেও দুইশোর কাছাকাছি পুঁজি নিয়েও জিততে পারেনি দলটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পিএসএলের দশম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয় রাওয়ালপিন্ডিজ। এই ম্যাচে রাওয়ালপিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে করাচি কিংস।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাওয়ালপিন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি কিংস।
বড় রানতাড়ায় করাচির হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন আজম খান। ৩৪ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া সালমান আলী আগা ২৯ এবং মুহাম্মদ ওয়াসিম ২৩ রানের ইনিংস খেলেন।
লাহোরের হয়ে ৩ উইকেট নেন ড্যারিল মিচেল। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও নাসিম শাহ। তবে এই ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। ৪ ওভারে ৩৮ রান খরচ করেন এই লেগি।
এর আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের ৪১ বলে ৬৫ এবং স্যাম বিলিংসের ৩৫ বলে ৫৮ রানের ইনিংসে ভর করে দুইশোর কাছাকাছি পুঁজি গড়তে সক্ষম হয় বাংলাদেশ। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ১৩ বলে ২১, আব্দুল্লাহ ফজল ৭ বলে ১৮ রানের ক্যামিও খেলেন।
করাচির হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন হাসান আলী। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন খুশদীল শাহ। এছাড়া একটি উইকেটের দেখা পান মীর হামজা।
সংক্ষিপ্ত স্কোর :
রাওয়ালপিন্ডিজ : ১৯৭/৬ (২০ ওভার)
করাচি কিংস : ১৯৯/৫ (১৯.২ ওভার)
ফলাফল : করাচি কিংস ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৬/বিটি





















