Connect with us
ফুটবল

ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ

Bangladesh wants to return home with the trophy by defeating India.
ফাইনালের আগে শিরোপার সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- সাফ

চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা নিয়েই দেশে ফিরতে চান এই মিডফিল্ডার।

মালদ্বীপের মালেতে ফাইনালের আগে আজ (বৃহস্পতিবার) অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রফি নিয়ে দেশের ফেরার প্রত্যাশার কথা জানান বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী।

মিঠু বলেন, ‘শুরুতেই বলি, আমাদের দলের সবাই সুস্থ আছে। আমি বাংলাদেশেই বলেছিলাম, ভারতের বিপক্ষে খেলতে আমাদের সবসময় ভালো লাগে। তাদের হারিয়ে আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই। সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে।’



‘কালকে আমাদের একটা ফাইনাল আছে। বলা যায় ডু অর ডাই ম্যাচ। আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না। আমি ট্রফি জিতেই বলতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ কালকে আমরা একটা ঐতিহাসিক ফাইনালের সম্মুখীন হতে যাচ্ছি।’- মিঠু যোগ করেন।

Bangladesh Practice before India Match

ফাইনালের আগে অনুশীলনে বাংলাদেশের ফুটবলাররা। ছবি- বাফুফে

সাফের টুর্নামেন্ট নেপালে হলেও বাংলাদেশের প্রতিটি ম্যাচেই কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। তাই মালদ্বীপের এই ভেন্যুকে নিজেদের মাঠই মনে করছেন মিঠু। তিনি বলেন, ‘এখানে নিজেদের মাঠই মনে হচ্ছে। কারণ এখানে অসংখ্য প্রবাসী ভাইরা আছেন। সবাই আমাদেরকে সমর্থন করেন। আমি চাই কালকেও তারা আসবেন এবং আমাদেরকে সমর্থন দেবেন। আমি আশাবাদী, ফাইনাল ম্যাচে আরও দ্বিগুণ দর্শক হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচে আলাদা কিছু কাজ করে বাংলাদেশের। তাদেরকে সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী মনে করেন মিঠু্রা, ‘ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আমাদের ভেতরে আলাদা কিছু কাজ করে। আমরা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি। তাদের বিপক্ষে মাঠে নামলে সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আমরা কালকেও সেটাই করব।’

এর আগে সাফের অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ ও ভারত। তবে সেই আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০২৪ আসরে ফাইনালে ওঠে নেপাল ও বাংলাদেশ। সেই আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার ছোঁয়া পায় লাল-সবুজের দল। এবার তৃতীয়বার ফাইনালে নামছে ২০২৪ আসরের চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল