
চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশিদের মধ্যে রেকর্ডগড়া দামে তাকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে গত জানুয়ারিতে হঠাৎ করে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। যা নিয়েছে অনেকদিন ধরেই চলেছে আলোচনা-সমালোচনা। অবশেষে তিন মাস পর এ নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াটা দুর্ভাগ্যজনক ছিল বলে জানিয়েছেন ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।
মুস্তাফিজের আইপিএলে খেলার বিষয়ে হুমকি দিয়েছিল ভারতের উগ্রপন্থীরা। যে কারণে নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। যদিও ওই সময় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ধুমাল।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে ভারতীয় বোর্ডের নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ধুমাল বলেন, ‘আমি শুধু বলব তার বাদ পড়াটা ছিল দুর্ভাগ্যজনক। এর বাইরে এ বিষয়ে আমি জানি না।’
অবশ্য তখন ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, মুস্তাফিজকে বাদ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্ত সম্পর্কে বোর্ডের অনেকেই আগে থেকে অবগত ছিলেন বলে বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।
মুস্তাফিজের ঘটনার জের ধরেই বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ভারতে দল না পাঠানোয় শেষ পর্যন্ত আর বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি টাইগারদের।
উল্লেখ্য, আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে নিলামে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা। তবে শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ পড়ায় বর্তমানে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এই বাঁহাতি পেসার।
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/বিটি





















