
শেষ হয়েছে ফিফা মার্চের আন্তর্জাতিক উইন্ডো। জুনে বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলে শেষবারের মতো প্রস্তুতি সেরেছে বেশিরভাগ দলগুলো। মার্চ উইন্ডো শেষে আজ বুধবার (১ এপ্রিল) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার নতুন র্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল পেয়েছে বিশ্ব ফুটবল। স্পেনকে টপকে শীর্ষে উঠেছে ফ্রান্স। মার্চ উইন্ডোতে দুটো ম্যাচেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে লাতিনের পরাশক্তি আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে লাতিনের আরেক শক্তিশালী দল কলম্বিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে এমবাপ্পে-দেম্বেলেরা। তাতে দুইধাপ এগিয়ে আর্জেন্টিনা ও স্পেনকে টপকে শীর্ষে উঠেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
শীর্ষস্থান হারানো স্পেন প্রথম ম্যাচে সার্বিয়াকে ৩-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে একধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া আর্জেন্টিনা দুই ম্যাচেই জয় পেয়েছিল। প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে তারা। তবুও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে আলবিসেলেস্তেদের।
লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিলও একধাপ পিছিয়েছে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি।
এদিকে অবনতি হয়েছে বাংলাদেশেরও। একধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমে গেছে লাল-সবুজরা। মার্চ উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। এরপর এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। তাতে একধাপ নিচে নেমে গেছে হ্যাভিয়ের কাবরেরা শিষ্যরা।
এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ৯ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। এছাড়া প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ৭৮ তম স্থানে উঠে এসেছে কসোভো। এটাই তাদের ইতিহাসের সেরা অবস্থান।
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/বিটি




















