Connect with us
ফুটবল

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Bangladesh defeats Nepal to reach SAFF final
সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সাফ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বুধবার (১ এপ্রিল) নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। হাইভোল্টেজ সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ আসরে ফাইনালে উঠেছে আল-সবুজের দল।

বাংলাদেশের একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধে। জয়সূচক এই গোলটি করেন মোহাম্মদ মানিক। ম্যাচশেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মানিক।

মালদ্বীপের মালেতে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকেন রোনান-নাজমুল হুদারা। তাতে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।



ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের দল। ডান প্রান্ত থেকে হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রস করেন মুর্শেদ আলী। সেই ক্রস থেকে দুর্দান্ত একে হেডে নেপালের জালে বল পাঠান মানিক। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে রোনান সুলিভানের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

লিড নেওয়ার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। একাধিক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে নেপালের রক্ষণ। কিছুক্ষণ পরেই নাজমুলের একটি হেড আটকে দেন নেপালের গোলরক্ষক। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে আরও বেশকিছু ছোট-বড় সুযোগ তৈরি করেছিল তারা। তবে গোলের দেখা মেলেনি। তাতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল।

Yousuf Ali

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন ইউসুফ আলী। ছবি- সাফ

দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড়কে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৫২তম মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মানিক। এরপর ৬৭তম মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন সানি দাস। এরপর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। শেষদিকে আরও কিছু পরিবর্তন আনেন কোচ মার্ক কক্স।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ডেকলান সুলিভানের অবশেষে অভিষেক ঘটেছে। ম্যাচের ৮৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। শেষদিকে ডেকলানের পাস থেকে বক্সের মধ্যে গোল দেওয়ার সুযোগ পেয়েছিল রোনান। তবে গোলরক্ষকের নৈপুণ্যে গোলবঞ্চিত হন রোনান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

সাফের অপর সেমিফাইনালে আজ ভুটানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে যারা জয় পাবে তাদের বিপক্ষে ৩ এপ্রিল ফাইনাল খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল