
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। চলমান এই টুর্নামেন্ট শেষ হবে মে মাসের শেষের দিকে। তবে আইপিএল শেষেই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে টিম ইন্ডিয়া। যেই তালিকায় আছে জিম্বাবুয়ের নামও।
আগামী জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজকে সামনে রেখে আজ বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে। আগামী ২৩ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একদিন বিরতি দিয়ে ২৫ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে তৃতীয় টি-টোয়েন্টির আগে নেই কোনো বিরতি। পরদিন ২৬ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সবশেষ ২০২৪ সালে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল ভারত। সেই সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল সফরকারীরা। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসবে জিম্বাবুয়ে। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে আইপিএলের পর ভারতের বেশ ব্যস্ত সূচি রয়েছে। জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর আয়ারল্যান্ড সফর করবে তারা। সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পাড়ি জমাবে দলটি। সেখানে ৫টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে গৌতম গম্ভীরের দল।
জিম্বাবুয়ে সফর শেষে সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। এই সিরিজটি ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা এক বছরের বেশি সময় পিছিয়ে দেওয়া হয়। যদিও চলতি বছরও এই সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/বিটি






















