Connect with us
ফুটবল

স্পেন-মিশর ম্যাচে গ্যালারি থেকে মুসলিম-বিদ্বেষী স্লোগান

Spain vs Egypt
স্পেন-মিশর ম্যাচে মুসলিম বিদ্বেষী স্লোগান। ছবি: সংগৃহীত

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়াম-এ স্পেন ও মিশর-এর প্রীতি ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে খেলার ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে গ্যালারির কিছু দর্শকের আচরণ নিয়ে, যা ফুটবলপ্রেমীদের হতাশ করেছে।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করে। স্পেন বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মিশরও প্রতিরোধ গড়ে তুলে পাল্টা আক্রমণের চেষ্টা করেছে। ম্যাচের ৮৪ মিনিটে মিশরের মিডফিল্ডার হামদি ফাতহি লাল কার্ড দেখলে দলটি ১০ জনে পরিণত হয়। শেষ সময়টায় সংখ্যাগত সুবিধা পেয়েও স্পেন গোল আদায় করতে ব্যর্থ হয়।

কিন্তু ম্যাচের মাঝেই গ্যালারিতে ঘটে অস্বস্তিকর ঘটনা। স্পেনের কিছু সমর্থক মুসলিমদের লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দিতে থাকে। বিষয়টি স্টেডিয়াম কর্তৃপক্ষের নজরে এলে বিরতির সময় বড় পর্দায় সতর্কবার্তা প্রচার করা হয়। সেখানে দর্শকদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়। তবুও দ্বিতীয়ার্ধেও কিছু দর্শক একই ধরনের আচরণ চালিয়ে যায়, যা পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তোলে।



ঘটনার পর আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা জানায়, ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ বা বিদ্বেষের স্থান নেই এবং স্টেডিয়ামে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু অসম্মানজনকই নয়, বরং ফুটবলের চেতনাকেও আঘাত করে। তার মতে, যারা এ ধরনের কাজ করে তারা প্রকৃত সমর্থক নয় এবং সমাজে তাদের জায়গা থাকা উচিত নয়।

ম্যাচ চলাকালে আরও একটি দৃশ্য নজরে আসে। বিরতির সময় মিশরের ফুটবলাররা মাঠে বসে প্রার্থনা করলে গ্যালারির কিছু অংশ থেকে শিস দেওয়া হয়। বিষয়টি মাঠের পরিবেশকে আরও অস্বস্তিকর করে তোলে।

উল্লেখ্য, মিশর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। অন্যদিকে স্পেনেও মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি রয়েছে। স্পেন দলের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল নিজেও মুসলিম এবং নিয়মিত ধর্মীয় অনুশীলন করেন।

আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে দুই দলই। তবে এই ম্যাচের পর মাঠের খেলার চেয়ে গ্যালারির আচরণই বেশি আলোচনায় এসেছে, যা ফুটবলের ভাবমূর্তির জন্য ভালো বার্তা নয়।

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল