
আগামী জুনে মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপের জমজমাট লড়াইয়ে আগে প্রস্তুতি সারছে দলগুলো। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে শেষবারের মতো মাঠে নামছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
আগামীকাল আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমে মাঠে নামবে লিওনেল মেসিরা। ঘরের মাঠে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ঘণ্টাখানেক পরেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এই ম্যাচ দিয়ে শেষবারের মতো ঘরের মাটিতে খেলতে পারেন লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সে ৮৮ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান এই দলটির নিজেদের প্রস্তুতি সারবে তারা। প্রতিপক্ষ কিছুটা সহজ হওয়ায় এই ম্যাচে তরুণদের ঝালিয়ে নিতে পারেন কচো লিওনেল স্কালোনি। মেসি শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধের পর তাকে মাঠে দেখা যেতে পারে। কেননা এটিই হতে পারে ঘরের মাঠে তার শেষ ম্যাচ।
এর আগে গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে ১১৩ ধাপ পিছিয়ে থাকা এই দলটির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল স্কালোনির শিষ্যরা। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট খেলেন মেসি।
এদিকে ব্রাজিলের প্রস্তুতিটা আশানুরূপ হয়নি। প্রথম প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। তবে এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। ফ্রান্স ম্যাচে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন রাফিনিয়া। তাই ম্যাচে থাকছেন না এই বার্সেলোনা ফরোয়ার্ড। এছাড়া ওয়েসলিও চোটের কারণে ছিটকে গেছেন। তাই ক্রোয়েশিয়া ম্যাচে ভিনিসিয়ুস, কুনহা, ক্যাসেমিরোদের ওপর নির্ভর করতে হবে ব্রাজিলকে।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি




















