
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মাঠে শেষ ম্যাচটা খেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে গিয়ে ফলাফল নিজেদের পক্ষে আনতে না পারলেও দুর্দান্ত খেলা উপহার দিয়েছে লাল-সবুজের দল। স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করেছেন হামজা-সামিতরা। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই দেশে ফিরতে হচ্ছে জামালদের।
সিঙ্গাপুরের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না কোচ হ্যাভিয়ের কাবরেরা। তিনি মনে করেন, বাছাইপর্বে এটাই ছিল বাংলাদেশের সেরা পারফরম্যান্স। তাই বাংলাদেশ জয় অথবা এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল বলে মনে করেন এই স্প্যানিয়ার্ড।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আজকের ফলাফল মেনে নেওয়া খুবই কঠিন। কারণ পুরো গ্রুপ পর্বে সম্ভবত এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমরা আজ জয় অথবা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’
আজকের ম্যাচজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশে। তাই দলের আজকের পারফরম্যান্সে খুশি হয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত। আজকের পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল আমাদের। তাই আজকের এই পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’
বাংলাদেশের সঙ্গে এখনো এক মাসের চুক্তি আছে কাবরেরার। তবে ভবিষ্যতে দলে দায়িত্বে থাকা নিয়ে ভাবছেন না তিনি। তার অধীনে আরও কিছু ইতিবাচক ফলাফল আসতে পারতো বলেও মনে করেন স্প্যানিশ এই কোচ।
কাবরেরা বলেন, ‘দেখা যাক এখন কী হয়। আমার এখনও এক মাস সময় বাকি আছে। তবে আমার পরামর্শ- দলকে এভাবেই চালিয়ে নেওয়া উচিত। সত্যি বলতে, দায়িত্বে কে আছেন সেটা বড় কথা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলকে দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে দেখা জরুরি। আমি মনে করি, দলের মধ্যে উন্নতি দৃশ্যমান। তবে আমার অধীনে আরও কিছু ইতিবাচক ফলাফল পেতে পারতাম।’
উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ-সি থেকে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে সিঙ্গাপুর। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে হংকং। আর বাংলাদেশ ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে থেকে এবং সমান পয়েন্ট নিয়ে চারে থেকে বাছাইপর্ব শেষ করেছে ভারত।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি




















