
হার দিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপের বাছাইপর্ব মিশন। বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে লাল-সবুজের দল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে যায় হামজারা। পরবর্তীতে একাধিক সুযোগ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এদিন দুর্দান্ত খেলা উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের চেষ্টা চালায় সফরকারীরা। তাতে বেশকিছু সুযোগও তৈরি করতে সক্ষম হয় তারা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
শুরুর ৩০ মিনিটে ভালো খেলা উপহার দিয়েছেন হামজা-সামিতরা। তবে ৩১তম মিনিটে পিছিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল পেয়েই হঠাৎ করা এক আক্রমণে গোল পেয়ে যায় সিঙ্গাপুর। স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন হারিস স্টুয়ার্ট। প্রথমার্ধের বাকি সময়টাতে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা চালায় বাংলাদেশ। ফাহামিদুল দারুণ কিছু সুযোগ তৈরি করেন। তবে জালের দেখা পাচ্ছিলো না কেউ। তাতে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হামজারা।

বল দখলের লড়াইয়ে হামজা চৌধুরী। ছবি- বাফুফে
বাংলাদেশ তাদের সেরা খেলাটা উপহার দিয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে হামজা-সামিতরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সিঙ্গাপুরকে চাপে রাখে তারা। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে সিঙ্গাপুর। দুই প্রান্ত থেকেই আক্রমণ চালাতে থাকে সফরকারীরা। তবে বেশকিছু শট নিয়েও গোলবঞ্চিত থেকে যায় তারা।
ম্যাচের ৭৯তম মিনিটে অল্পের জন্য সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। ডান প্রান্ত থেকে ডি-বক্স লক্ষ্য করে দারুণ একটি ক্রস করেন হামজা। বক্সে থাকা সাদ উদ্দিনের ভলি গোলপোস্টে লেগে ফিরে আসে। তাতে আরও একবার গোলবঞ্চিত হয় লাল-সবুজের দল।
এভাবেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে কাবরেরা দলে বেশকিছু পরিবর্তন আনলে আক্রমণের ধার বেড়ে যায়। তবে ভাগ্য সঙ্গ দেয়নি হামজাদের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৪ মিনিট সময় দেন রেফারি। তবে তাতে গোলের দেখা পায়নি লাল-সবুজরা। এরপর শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি এবং সেখানেই শেষ হয় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন।
বাংলাদেশের বিপক্ষে ৩ পয়েন্টসহ ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে সিঙ্গাপুর। আর বাংলাদেশ ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে থেকে বাছাইপর্ব শেষ করেছে।
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি





















