Connect with us
ক্রিকেট

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান মির্জা ফখরুলের

Mirza Fakhrul called for keeping sports free from politics.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- বিএনপি

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে উদ্দেশ্য করে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফখরুল। একইসঙ্গে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের প্রতিও একই আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার বিষয়ে কথা বলেন ফখরুল।

রাজনীতিতে জড়িয়েই এখন জাতীয় দলের বাইরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যের এভাবে দেশের জন্য খেলতে না পারাটা কষ্ট দেয় ফখরুলকে। ফখরুল বলেন, ‘আমরা সবসময় মনে করেছি, ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি থাকবে না। এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটা সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।’



ক্রীড়াঙ্গনকে রাজনীতির চর্চামুক্ত করতে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক জাতীয় দলের ফুটবলার আমিনুল হককে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়া মন্ত্রী, যিনি নিজে একজন অত্যন্ত দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাকে অনুরোধ করব, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয় আমরা সফল হব।’

প্রধানমন্ত্রী তারেক রহমানও চান ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকুক। তাছাড়া খেলাটাকে একদম গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। ফখরুল বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও চান ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকুক। তিনি গতকালকে এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটাই বলেছেন। তারেক রহমান সাহেব খেলাটাকে একেবারে গ্রামের মধ্যে, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, যারা খেলোয়াড়, তারা যেন পেশাজীবী হয়ে ওঠে এই খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন।’

বিগত সরকারের আমলে জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়ান সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তবে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর থেকেই দেশের বাইরে দিন কাটাচ্ছেন সাকিব। সুযোগ হারিয়েছেন জাতীয় দলেও। অন্যদিকে মাশরাফিও দীর্ঘদিন ধরে জনসম্মুখের আড়ালে আছেন।

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট