
চলমান আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ধরাশয়ী চেন্নাই সুপার কিংস। ব্যাটিং ব্যর্থতায় রাজস্থান রয়্যালসের কাছে পাত্তাই পায়নি তারা। বোলিংয়ের পর ব্যাটিং নৈপুণ্যে বড় জয় দিয়ে আইপিএল শুরু করেছে রাজস্থান রয়্যালস।
সোমবার (৩০ মার্চ) চলতি আইপিএলের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।
আগের দুটি ম্যাচের চার ইনিংসেই দুইশো রান পেরোয় দলগুলো। তবে গুয়াহাটির বানসাপারা স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল লো-স্কোরিং। টস হেরে আগে ব্যাট করতে পুরো ২০ ওভার খেলতে ব্যর্থ হয় চেন্নাই। ১৯.৪ ওভারে ১২৭ রান সংগ্রহ করে সিএসকে।
অবশ্য দলীয় ৯৪ রানেই নবম উইকেট হারায় চেন্নাই। তবে শেষ পর্যন্ত জেমি ওভার্টনের কল্যাণে কোনোমতে শতরান পেরিয়ে ১২৭ রানে পুঁজি গড়ে দলটি। চেন্নাইয়ের হয়ে আটে খেলতে নেমে সর্বোচ্চ ৩৬ বলে ৪৩ রানের রানের ইনিংস খেলেন ওভার্টন। এছাড়া কার্তিক শর্মা ১৮ এবং শরফরাজ খান ১৭ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
রাজস্থানের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন জোফরা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা। এছাড়া একটি করে উইকেট নেন রবি বিশ্নোই, সন্দীপ শর্মা ও ব্রিজেশ শর্মা।

মাত্র ১৫ বলে ফিফটি তুলে নেন বৈভব সূর্যবংশী। ছবি- বিসিসিআই
জবাবে ব্যাট করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। ওপেনিংয়ে নেমে ৫২ রান করে ফেরেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৭ বলে ৪ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। তিনে নেমে ১৮ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জয়সওয়াল ৩৮ এবং রিয়ান পরাগ ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন আনশুল কম্বোজ।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস : ১২৭/১০ (১৯.৪ ওভার)
রাজস্থান রয়্যালস : ১২৮/২ (১২. ১ ওভার)
ফলাফল : রাজস্থান ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি





















