
চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিতে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল। শিরোপা জয়ের লক্ষ্যে সেমিতে নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে চায় লাল-সবুজের দল। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জোড়া গোল করতে চান রোনান সুলিভান।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে নেপাল। সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। রোনানও তাই মনে করেন। তবে দল হিসেবে লড়াই করে জিততে চান রোনান। সেমিতে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলতে চান এই তরুণ।
নেপাল ম্যাচ সামনে রেখে রোনান বলেন, ‘আমরা দল হিসেবে খেলব। ম্যাচটা বেশ কঠিন হবে। তবে আমরা শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ব। আমি মনে করি এই ম্যাচে দুই গোল করব।’
সাফে ইতোমধ্যে বল পায়ে নিজের ঝলক দেখিয়েছেন রোনান। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনান এই যুক্তরাষ্ট্র প্রবাসী। লাল-সবুজদের হয়ে অভিষেকে জোড়া করেন তিনি। দুটি গোলই ছিল দুর্দান্ত। প্রথম গোলটি এসেছিল চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে। তারপর দ্বিতীয় গোলটি এসেছিল দুর্দান্ত এক হেডারে। তার জোড়া গোলেই পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর কর্নার কিকে রোনানের দারুণ এক ক্রস থেকে বল জালে পাঠায় বাংলাদেশ। সবমিলিয়ে ২ ম্যাচে ২ গোল ও একটি গোলে সহায়তা করেছেন রোনান। এবার নেপালের বিপক্ষে নিজের ঝলক দেখানোর অপেক্ষায় এই তরুণ।
আগামী বুধবার (১ এপ্রিল) সাফের সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি






















