
চলতি মাসেই অস্ট্রেলিয়াতে এএফসি নারী এশিয়ান কাপের মিশন শেষ হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-২০ দলে মেয়েরা আরেকটি এশিয়ান মিশন শুরু করতে যাচ্ছে। আগামী মাসের শুরুতেই থাইল্যান্ডে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ।
আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী চীন, ভিয়েতনাম, ও স্বাগতিক থাইল্যান্ড।
এশিয়ান কাপে অংশ নিতে গত সপ্তাহেই থাইল্যান্ডে গেছে বাংলাদেশ। সেখানে পৌঁছে অনুশীলন করছে মেয়েরা। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্কোয়াড প্রকাশ করেছে বাফুফে। আজ রোববার (২৯ মার্চ) স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার ও টেকনিক্যাল কমিটির তালিকা প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সিনিয়্র দলের পর এবার অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও আফঈদা খন্দকারের নেতৃত্বে খেলবেন। এর আগে তার নেতৃত্বেই বাছাইপর্ব খেলে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট পায় মেয়েরা। সবশেষ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গোলবারের নিচে চমক দেখানো মিলি আক্তার এবার অনূর্ধ্ব-২০ দলের গোলবারও সামাল দেবেন। এছাড়া সাগরিকা, উমহেলা, শ্রীমতি তৃষ্ণা রানীর মতো ফুটবলাররাও আছে স্কোয়াডে। আর প্রধান কোচের দায়িত্বে বরাবরের মতোই আছেন ইংল্যান্ডের পিটার বাটলার।
আগামী ১ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ব্যাংককের থাম্মাসাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এরপর ৪ এপ্রিল ননথাবুরি স্টেডিয়ামে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ৭ এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে আফঈদারা। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী স্কোয়াড :
মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, মোসাম্মৎ ফেরদৌসী আক্তার সোনালী, আফঈদা খন্দকার, মোসাম্মৎ সুরমা জান্নাত, স্বপ্না রানী, নবিরন খাতুন, উমহেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, নাদিয়া আক্তার জুতি, সিনহা জাহান শিখা, মোসাম্মৎ মুংকি আক্তার, পূজা দাস, শ্রীমতি তৃষ্ণা রানী, মোসাম্মৎ জয়নব বিবি রিতা, শান্তি মার্ডি, মামনি চাকমা, সুরভী আকন্দ প্রীতি, অর্পিতা বিশ্বাস অর্পিতা, মোসাম্মৎ মৌমিতা খাতুন, সুরভী রানী, অল্পি আক্তার এবং মোসাম্মৎ সুরভী আক্তার আরফিন।
টেকনিক্যাল স্কোয়াড তালিকা :
পিটার জেমস বাটলার (প্রধান কোচ)
খালিদ মাহমুদ নওমী (টিম ম্যানেজার)
আবুল হোসেন (সহকারী কোচ)
লিনা চাকমা (সহকারী কোচ)
মাসুদ আহমেদ (গোলরক্ষক কোচ)
নওরিন পারভেজ (টিম ডাক্তার)
জাকিয়া রহমান (ফিজিওথেরাপিস্ট)
ক্যামেরন নিকোলাস লর্ড (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ)
মোঃ সাঈদ হাসান (মিডিয়া ম্যানেজার)
মোঃ ইমরান হাসান ইমন (ভিডিও অ্যানালিস্ট)
মোঃ রাশিবুল হোসেন (কিটম্যান)
আনিসুর রহমান (ভিডিওগ্রাফার)
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি






















