
চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ভাই রোনান বেঞ্জামিন সুলিভান ও ডেকলান থিওডোর সুলিভান। ইতোমধ্যে লাল-সবুজের জার্সিতে রোনান সুলিভানের অভিষেক ঘটেছে। তবে এখনো অভিষেকের অপেক্ষায় আরেক ভাই ডেকলাল সুলিভান। তবুও তার চোখ এখন শিরোপায়।
চলমান এই টুর্নামেন্টে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিতে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল। তবে বাংলাদেশের ফুটবলার ডেকলানের চোখ শিরোপায়। সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জেতাই মূল লক্ষ্য এই বংশোদ্ভূত ফুটবলারের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) প্রকাশিত ভিডিওবার্তায় ডেকলান বলেন, ‘আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা পরের ম্যাচটি জিতব এবং ফাইনালে উঠে শিরোপা জিতব। এটাই আমাদের মূল লক্ষ্য।’
সাফের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয় বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেক ঘটে রোনান সুলিভানের। আর অভিষেক ম্যাচেই ঝলক দেখান এই ফুটবলার। বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেন তিনি। প্রথম গোলটি এসেছিল চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে। তারপর দ্বিতীয় গোলটি এসেছিল দুর্দান্ত এক হেডারে।
দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুতে গোল হজম করেছিল লাল-সবুজের দল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে সেট পিস থেকে গোল করে সমতা ফেরায় বাংলাদেশ। সেই গোলে অ্যাসিস্ট করেন রোনান। কর্নার কিকে তার দারুণ এক ক্রস থেকে বল জালে পাঠায় বাংলাদেশ।
রোনান এরই মধ্যে নিজের ঝলক দেখালেও ডেকলান এখনও মাঠে নামার সুযোগ পাননি। গ্রুপ পর্বের দুটি ম্যাচই বেঞ্চে কাটিয়েছেন তিনি। অবশ্য এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকেরা। পরবর্তীতে ম্যাচে তাকে একাদশে দেখতে চান দেশের ফুটবলপ্রেমীরা।
আগামী ১ এপ্রিল সাফের সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালের নেশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি






















