
১৮ বছর পর এসে শিরোপা জয়ের আনন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে নতুন আসর শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুটাও হয়েছে দারুণভাবে। আসরের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়েছে তারা।
শনিবারের ম্যাচে আগে ব্যাট করে হায়দরাবাদ তোলে ২০২ রান। বড় লক্ষ্য হলেও রান তাড়ায় কোনো চাপ নিতে হয়নি বেঙ্গালুরুকে। কোহলি ও দেবদত্ত পাদিক্কালের ব্যাটে ভর করে মাত্র ১৫ দশমিক ৪ ওভারেই জয় তুলে নেয় দলটি। দুইশ’র বেশি রান তাড়া করে এটিই আইপিএলের সবচেয়ে দ্রুত জয়।
এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। ৩৮ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে তিনি আইপিএলে রান তাড়ায় ৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন, যা এই প্রতিযোগিতায় প্রথম।
রান তাড়ায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরেই আছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিন উথাপ্পা। তবে তাদের থেকে বেশ এগিয়েই আছেন কোহলি।
ম্যাচ শেষে কোহলি বলেন, দীর্ঘ বিরতি তাকে নতুন করে প্রস্তুত হতে সাহায্য করেছে। তিনি জানান, এত বছর ধরে নিয়মিত খেলার কারণে মাঝে মাঝে ক্লান্তি চলে আসত। তাই বিরতি নেওয়াটা তার জন্য প্রয়োজন ছিল। মাঠে ফেরার সময় তিনি সবসময় শতভাগের বেশি প্রস্তুতি নিয়েই ফেরেন বলেও জানান।
তিনি আরও বলেন, শারীরিকভাবে ভালো থাকা এবং মানসিকভাবে সতেজ থাকা এই দুই বিষয় একসঙ্গে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। একজন খেলোয়াড় হিসেবে নিজের জায়গা ধরে রাখতে হলে নিয়মিত ভালো খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এর আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো ফর্মে ছিলেন কোহলি। ওই সিরিজে একটি শতকসহ বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেন তিনি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও করেছিলেন দুইটি শতক। সেই ধারাবাহিকতাই যেন ধরে রাখলেন নতুন আসরের প্রথম ম্যাচে।
লম্বা বিরতির পর মাঠে নেমেও কোনো সমস্যা হয়নি তার। হায়দরাবাদের বিপক্ষে নিজের ইনিংসে এক ওভারে টানা চারটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসেন কোহলি। তার এই ইনিংসেই সহজ জয় পায় বেঙ্গালুরু।
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/টিএ




















