Connect with us
ক্রিকেট

কোহলি-পাদিক্কালের ব্যাটে রেকর্ডগড়া জয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর

Bengaluru started their IPL campaign with a big win, powered by the bats of Kohli and Padikkal
বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন পাদিক্কাল ও কোহলি। ছবি- আরসিবি

পর্দা উঠেছে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে রেকর্ডগড়া জয়ে আইপিএল মিশন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার (২৮ মার্চ) আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরু ২৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আইপিএলের ইতিহাসে দুইশোর বেশি রান তাড়া করে সবচেয়ে দ্রুততম জয়ের রেকর্ড এটি। এর আগে ২০২৫ আইপিএলে গুজরাটের বিপক্ষে ২৫ বল হাতে রেখে দুইশোর্ধ্ব রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। তাছাড়া বেঙ্গালুরু তাদের নিজেদের রেকর্ডও ভেঙে দিয়েছে। ২০২৪ আইপিএলে আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে ১৬ ওভারেই দুইশোর্ধ্ব রান তাড়া করে জিতে নেয় আরসিবি।



ঘরের মাঠ চেন্নাস্বামী স্টেডিয়ামে এদিন রানতাড়ায় নেমে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি। ৩৮ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে সফল রানতাড়ার ম্যাচে সবচেয়ে বেশি ২১টি ফিফটির রেকর্ড গড়েছেন কোহলি। এর আগে রেকর্ডটি যৌথভাবে কোহলি ও ডেভিড ওয়ার্নারের দখলে ছিল। এবার ওয়ার্নারকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন এই তারকা।

ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে নেমে ব্যাটিংয়ে দারুণ ইম্প্যাক্ট রেখে যান দেবদূত পাদিক্কাল। ২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার। এছাড়া অধিনায়জ রজত পতিদর ১২ বলে ৩১ এবং টিম ডেভিড ১০ বলে ১৬ রান করেন। হায়দরাবাদের হয়ে ডেভিড পাইনে ২টি এবং হার্শ দুবে ও জয়দেব উনাদকাট একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ঈশান কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় হায়দরাবাদ। দুর্দান্ত ছন্দে থাকা ঈশান ৩৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন। আরেক ব্যাটার অনিকেত ভর্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ৪৩ রান। এছাড়া হ্যানরিক ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন।

হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। ৫৪ রান দিয়ে সমান ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। এছাড়া বুভনেশ্বর কুমার, অভিনন্দন সিং ও সুয়াশ শর্মা একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

সানরাইজার্স হায়দরাবাদ : ২০১/৯ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ২০৩/৪ (১৫.৪ ওভার)
ফলাফল : বেঙ্গালুরু ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট