
চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। আজ শনিবার (২৮ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী উত্তেজনাপূর্ন ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ-ভারত ম্যাচ ড্র হওয়ায় ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ করেছে ভারত। সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই সেমিফাইনালে উঠেছে তারা। আর গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে লাল-সবুজের দল। কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে পাকিস্তান।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষস্থানে থেকে সেমিতে উঠেছে নেপাল। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি। আর রানার্সআপ দল হিসেবে সেমিতে উঠেছে ভুটান। ৩ ম্যাচে ১ জয়, ১ হার ও ১ ড্রতে ৪ পয়েন্ট তাদের। এছাড়া ৩ পয়েন্ট তিনে থাকা শ্রীলঙ্কা এবং ২ পয়েন্ট নিয়ে চারে থাকা স্বাগতিক মালদ্বীপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। প্রথম সেমিফাইনালে লড়বে তারা। অন্যদিকে সেমিতে ভারতের প্রতিপক্ষ ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে এই দুল দল।
আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর একই ভেন্যুতে রাত ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
সেমিফাইনাল শেষে একদিনের বিরতি পাবে দলগুলো। এরপর ৩ এপ্রিল দুই সেমিফাইনাল জয়ীদের নিয়ে একই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
উল্লেখ্য, সাফের অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে নেপালের মাটিতে স্বাগতিকদের ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা ঘরে তুলেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৬/বিটি






















