Connect with us
ক্রিকেট

পিএসএলে রিশাদদের বিপক্ষে জয় পেল শরিফুলরা

Shariful’s side beat Rishad’s team in the PSL.
পেশোয়ার জালমি বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের প্রথম ম্যাচে আজ (শনিবার) পেশোয়ার জালমির মুখোমুখি হয় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও রিজওয়ান আহমেদের মুখোমুখি লড়াইয়ের ম্যাচে ছিলেন দুই বাংলাদেশিও। যেখানে পেশোয়ারে জার্সিতে পিএসএল অভিষেক ঘটেছে শরিফুল ইসলামের এবং পিন্ডিজের হয়ে খেলেছে রিশাদ হোসেন। তবে চারশ’র বেশি রানের এই ম্যাচে শেষ হাসি হেসেছে শরিফুলদের দল

আজ পিএসএলের তৃতীয় ম্যাচে রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পিন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে ইয়াসির খানের ৪৬ বলে ৮৩ এবং মোহাম্মদ রিজওয়ানের ৩২ বলে ৪১ রানের ইনিংসে বড় লক্ষ্যের পথে এগোতে থাকে পিন্ডিজ। পরবর্তীতে কামরান গুলামের ৩৭, ড্যারিল মিচেলের ২৩ এবং স্যাম বিলিংসের ১৮ রানের ক্যামিওতে ভর করে দুইশোর্ধ্ব রানের পুঁজি পায় তারা।



অভিষেকে বল হাতে রাঙাতে পারেননি শরিফুল। ৪ ওভারে ৭.৭৫ ইকোনমিতে ৩১ রান দেন এই পেসার। এছাড়া আলি রাজা ২টি এবং অ্যারন হার্ডি ও আমির জামাল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে মোহাম্মদ হারিস ২৮ বলে ৪৭ এবং বাবর আজম ২৮ বলে ৩৯ রান করে ফিরে যান। তিনে নেমে ১৭ বলে ৩১ রানে ঝোড়ো ক্যামিও খেলেন কুশল মেন্ডিস। তবে ম্যাচের গতিপথ পাল্টে দেন আব্দুল সামাদ। ১১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ১৭ বলে ৩৫ এবং আমির জামালের ৫ বলে ১৭ রানের ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার।

পিন্ডিজের হয়ে প্রথম ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। তবে শেষ ওভারে ১৮ রান খরচ করেন এই বাংলাদেশি লেগি। এছাড়া আমাদ বাট ২টি এবং আসিফ আফ্রিদি ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

রাওয়ালপিন্ডি পিন্ডিজ : ২১৪/৪ (২০ ওভার)

পেশোয়ার জালমি : ২১৮/৫ (১৯.১ ওভার)

ফলাফল : পেশোয়ার জালমি ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট