
চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিদায়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমির টিকিট পায় বাংলাদেশ ও ভারত। তবে গ্রুপ পর্বে বাকি ছিল বাংলাদেশ-ভারতের ম্যাচ। গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত ড্র করেছে দুই দল।
আজ শনিবার (২৮ মার্চ) উত্তেজনাপূর্ন ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কেউ।
লড়াইটা বয়সভিত্তিক সাফের হলেও মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ-ভারত লড়াইয়েও দেখা গেছে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। গ্যালারি থেকে দর্শকদের সমর্থন, মাঠে হার না লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েও সমতায় ফেরে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ফলাফল যায়নি কারো পক্ষেই।
এদিন ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই। তবে প্রথম সাফল্য পায় ভারত। ম্যাচের ১৭ মিনিটে বিশাল যাদবের গোলে এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা কর্নার থেকে হেডে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ে হাল ছাড়েনি বাংলাদেশ। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। তবে একের পর এক আক্রমণেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিলো না লাল-সবুজরা। ম্যাচের ৩৯ মিনিটে এক ধাক্কা খায় বাংলাদেশ। চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে নামে আব্দুল রিয়াদ ফাহিম। আর তার পায়েই প্রথম সাফল্য ধরা দেয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাফল্যের দেখা পায় বাংলাদেশ। অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় রোনান সুলিভানের কর্নার থেকে নেওয়া ক্রস থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ফাহিম। তাতে শেষ মুহূর্তে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণ তৈরি হলেও ভালো ফিনিশিংয়ের অভাবে মেলেনি গোলের দেখা। অন্যদিকে ভারতও বেশকিছু আক্রমণ সাজায়। তবে বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি তারাও। তাতে ১-১ সমতায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট সমান হলেও গ্রুপ পর্বের গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। যার ফলে গ্রুপ-বি এর চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে তারা। আর গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৬/বিটি




















