
রাত পোহালেই শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পাননি কেউই। মুস্তাফিজকে নিলাম থেকে দলে নিলেও বিসিসিবির নির্দেশনায় বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের আইপিএল সেরা একাদশে দেখা গেছে এক বাংলাদেশিকে।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পছন্দের শীর্ষে সাকিব আল হাসান। নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। কখনো ব্যাট হাতে কিংবা কখনো বল, ম্যাচের মোড় ঘুরিয়ে দলকে জেতানোর অসংখ্য উদাহরণ রয়েছে তার ক্যারিয়ারে।
ক্যারিয়ারের এসব অবদানের স্বীকৃতি হিসেবে আইপিএল সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত ম্যাগাজিন উইজডেন এশিয়ার (ভারত বাদে) ক্রিকেটারদের নিয়ে আইপিএলের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছে সাকিব আল হাসানের নাম।
২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত ১০ বছর আইপিএল ক্যারিয়ারে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন সাকিব।
আইপিএলে মোট ৭১ ম্যাচ খেলে সাকিব ১৯.৮২ গড়ে ও ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। বল হাতে ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন মোট ৬৩টি উইকেট। কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে দুবার শিরোপাও জেতেন তিনি।
উইজডেনের আইপিএল সেরা একাদশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্য বেশি, মোট ছয়জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। এবং পাকিস্তান ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন।
উইজডেনের আইপিএলের এশিয়ার (ভারতীয় ব্যতীত) সেরা একাদশ : সনাৎ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মেহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/এজে






















