
এশিয়া কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানয় থেকে আজ সকালে সিঙ্গাপুরে যায় জামাল ভূঁইয়াদের দল। শেষ ম্যাচ ঘিরে এখন প্রস্তুতি নিতেই ব্যস্ত থাকবে দলটি।
এই বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আগেই একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। ফলে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে এবার। তবে সিঙ্গাপুর ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলায় ম্যাচটি তাদের জন্য চাপমুক্ত।
বাংলাদেশের জন্য ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও জয় পেলে র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকং সমান ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করবে। সে ক্ষেত্রে অবস্থান নির্ধারণ হবে অন্যান্য হিসাবের ভিত্তিতে।
সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটিতে প্রথমার্ধেই তিন গোল হজম করে দলটি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে আর কোনো গোল হজম করেনি জামালরা। কোচিং স্টাফ এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে।
গতকাল রাতে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে খুব বেশি বিশ্রামের সুযোগ না পেয়েই আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে তারা। এই সময়টায় কৌশলগত প্রস্তুতি ও একাদশ চূড়ান্ত করার কাজ করবে দলটি।
৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ বাছাইপর্বের যাত্রা। শেষ ম্যাচে ভালো ফল করে ইতিবাচকভাবে অভিযান শেষ করাই এখন লক্ষ্য জামাল ভূঁইয়াদের।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/টিএ





















