
প্রথমার্ধে হতাশাজনক খেলায় দর্শকদের দুয়োধ্বনির মধ্যেই মাঠ ছাড়তে হয়েছিল ইতালির ফুটবলারদের। তবে বিরতির পর বদলে যায় দৃশ্য। আক্রমণে ধার বাড়িয়ে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখল চারবারের সাবেক চ্যাম্পিয়ন ইতালি।
বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত প্লে–অফ সেমিফাইনালে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ইতালি। কিন্তু প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। স্বাগতিকদের দুটি শট সহজেই ঠেকিয়ে দেন আয়ারল্যান্ডের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণে গতি বাড়ায় ইতালি। খেলার ৫৩তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় আয়ারল্যান্ডের ডিফেন্ডাররা। বক্সের সামনে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন সান্দ্রো টোনালি।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইতালি। ম্যাচের ৮০তম মিনিটে টোনালির বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোইজে কিন। তার শট পোস্টে লেগে জালে জড়ায়।
এই জয়ে প্লে–অফের ফাইনালে উঠে গেছে ইতালি। বিশ্বকাপে জায়গা পেতে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা।
উল্লেখ্য, আগের দুই বিশ্বকাপেই বাছাই পর্বের প্লে–অফে হেরে মূল আসরে জায়গা পায়নি ইতালি। এবার সেই হতাশা কাটানোর সুযোগ তাদের সামনে।
প্লে–অফের অন্য ম্যাচগুলোতেও জমেছে লড়াই। আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন। ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সুইডিশরা।
আরেক ম্যাচে স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে এগিয়েছে কসোভো, ফাইনালে তারা খেলবে তুরস্কের বিপক্ষে। নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডেনমার্ক, তাদের প্রতিপক্ষ হবে চেক প্রজাতন্ত্র অথবা আয়ারল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/টিএ






















