
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বর্তমানে দারুণ ছন্দে আছেন। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়েও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই অভিজ্ঞ বোলার।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স-এর হয়ে মাঠে নেমে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসমেন বড় সংগ্রহ গড়তে পারেনি। পুরো ম্যাচেই লাহোরের বোলাররা দাপট দেখান, যার ফল হিসেবে দলটি ৬৯ রানের বড় ব্যবধানে জয় পায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তিনি বলেন, তাদের দলে এমন সব বোলার আছেন, যাদের মান আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সহজেই তুলনা করা যায়। পেস ও স্পিন দুই বিভাগেই শক্তিশালী বিকল্প রয়েছে, যা দলকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে রাখছে।
মুস্তাফিজকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন হারিস। তিনি বলেন, মুস্তাফিজ বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। বাংলাদেশের হয়ে তার পারফরম্যান্সও বেশ ভালো। এমন একজন অভিজ্ঞ বোলার দলে থাকায় লাহোরের বোলিং আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন তিনি।
হারিস আরও জানান, মুস্তাফিজের কাছ থেকে শেখার আগ্রহ রয়েছে তার। তিনি মনে করেন, মুস্তাফিজের বোলিংয়ে ভিন্নতা আছে এবং তার অভিজ্ঞতা থেকে শেখা গেলে নিজের খেলায় উন্নতি করা সম্ভব। সেই লক্ষ্য নিয়েই অনুশীলন ও ম্যাচে তাকে কাছ থেকে দেখার চেষ্টা করবেন বলে জানান এই পাকিস্তানি পেসার।
লাহোর কালান্দার্স তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৯ মার্চ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ করাচি কিংস। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় দলটি।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/টিএ






















