
প্রথমার্ধে ধীর গতির ম্যাচ মনে হলেও বিরতির পর বদলে যায় চিত্র। আক্রমণে যায় ব্রাজিল, সুযোগও তৈরি করে একের পর এক। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং ব্যর্থতায় ভুগতে হয়েছে তাদের। উল্টো সুযোগ কাজে লাগিয়ে ১০ জন নিয়েও জয় তুলে নেয় ফ্রান্স। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। পঞ্চম মিনিটে রাফিনিয়া ভালো জায়গা থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর ফ্রান্সও একটি সুযোগ নষ্ট করে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স, তবে পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি হয়নি।
৩২তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি পায় ফ্রান্স। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠে দলটি। উসমান দেম্বেলের নিখুঁত পাস পেয়ে দারুণ চিপ শটে গোল করেন কিলিয়ান এমবাপে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর একেবারে ভিন্ন রূপে মাঠে নামে ব্রাজিল। আক্রমণাত্মক খেলায় ফ্রান্সের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। ম্যাচে ফেরার সুযোগও তৈরি হয় কয়েকবার, কিন্তু গোল করতে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর মাঝেই ৫৫তম মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। দায়ত উপেমেকানো ফাউল করলে শুরুতে সতর্কবার্তা দেখানো হয়। পরে ভিডিও দেখে সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি মাঠ ছাড়তে বলা হয়। ১০ জনে পরিণত হয় ফ্রান্স।
একজন বেশি নিয়ে খেললেও সুবিধা নিতে পারেনি ব্রাজিল। বরং ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় ফ্রান্স। মাইকেল ওলিসের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় গোল করেন উগো একিটিকে। স্কোরলাইন হয় ২-০।
৭৮তম মিনিটে একটি গোল শোধ করে ব্রাজিল। ফ্রি কিক থেকে আক্রমণের সময় বল পেয়ে শট নেন সতীর্থ। মাঝপথে পা ছুঁইয়ে বলের দিক বদলে জালে পাঠান ব্রেহমে। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল।
শেষ সময়টায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ফ্রান্সের রক্ষণে চাপ তৈরি করলেও গোল আর পাওয়া হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।
আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। অন্যদিকে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/টিএ






















