
ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে পাত্তা পেল না বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানটা মাঠের খেলায় দেখিয়ে দিয়েছে স্বাগতিকরা। বড় প্রত্যাশা নিয়ে মাঠে নেমে হতাশ করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ফিফা প্রীতি ম্যাচে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং দে স্টেডিয়ানে প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি সফরকারীরা।
এদিন ভিয়েতনামের তিন গোলের দুটিই এসেছে সেটপিস থেকে। ম্যাচের অষ্টম মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে কর্নার কিক থেকে গোল আদায় করে নেয় ভিয়েতনাম। কর্নারের বলে দো হোয়াংয়ের শট বাংলাদেশের জায়ান আহমেদের পায়ে লেগে জালে জড়ায়। তাতে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ১০ মিনিট পরেই আরেকটি সেটপিস থেকে ব্যবধান বাড়িয়ে নেয় ভিয়েতনাম। ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে গোল করেন হুয়ান মান। তাতে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের আগে আরেকবার বাংলাদেশের জালে আঘাত হানে ভিয়েতনাম। ম্যাচের ৩৮ মিনিটে হাইলং দুইজনকে কাটিয়ে ডানপাশের কর্ণার দিয়ে বল জালে জড়ান। তাতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই চিত্র। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় ভিয়েতনাম। তবে ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। একাধিক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত আর কোনো সফলতা পায়নি তারা। ফলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন হামজা-জামালরা।
এদিকে ভিয়েতনামের একাধিক আক্রমণের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। হামজা বেশ কয়েকবার তাদের রক্ষণ ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। তাছাড়া ফাহামিদুল-ফাহিমরাও বড় কোনো আক্রমণ গড়ে তুলতে পারেননি।
আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর যাবে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি


















