
এশিয়ান কাপ বাছাইয়ের আগে আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের শুরুর একাদশ প্রকাশ করেছেন হ্যাভিয়ের কাবরেরা। যেখানে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরীও।
ক্লাব ফুটবলের ব্যস্ততা থাকায় ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি হামজা। পরবর্তীতে গত মঙ্গলবার (২৪ মার্চ) ভিয়েতনামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন হামজা। ইংল্যান্ড থেকে প্রায় ১৫ ঘণ্টা জার্নি করে দলে যোগ তিনি। দলে যোগ দিয়ে একদিন বিশ্রাম নেন এই তারকা।
গতকাল (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেন হামজা। তবে লম্বা ভ্রমণের কারণে ভিয়েতনামের বিপক্ষে শুরুর একাদশে তিনি জায়গা পাবেন কিনা সে বিষয়টি আলোচনায় উঠে আসে। তাছাড়া সম্প্রতি এক ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন হামজা। যে কারণে হামজাকে কম সময় খেলানোর বিষয়টিও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত তাকে শুরুর একাদশেই রেখেছেন কাবরেরা।
অবশ্য গোলরক্ষকের জায়গায় পরিবর্তন এনেছেন কাবরেরা৷ মিতুল মার্মাকে শুরুর একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাবে তারিক কাজীর সঙ্গে আছেন শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, জায়ান আহমেদরা।
মাঝমাঠে হামজাকে সঙ্গ দেবেন সামিত সোম, সোহেল রানারা। এছাড়া ফরোয়ার্ড লাইনে মিরাজুল ইসলামের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফাহিম ও ফাহামিদুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি



















