
ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল-এর প্রতি সম্মান জানিয়ে তার ১২ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ ভবিষ্যতে এই নম্বরের জার্সি আর কাউকে দেওয়া হবে না।
আইপিএলে দীর্ঘদিন কেকেআরের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রাসেল। নতুন মৌসুমের আগে তাকে নিলামের তালিকায় ছেড়ে দেওয়া হলেও তিনি অবসরের ঘোষণা দেওয়ায় আর নিলামে ওঠেননি। অবসরের পরই তাকে দলে নতুন ভূমিকায় যুক্ত করেছে কেকেআর।
রাসেল এখন দলের শক্তি উন্নয়ন প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন। একই সঙ্গে তার অবদানের স্বীকৃতি হিসেবে ক্লাবটি ১২ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ‘নাইটস আনপ্লাগড ৩.০’ নামের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে রাসেলের হাতে স্মারক হিসেবে জার্সিটি তুলে দেন কেকেআরের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসর।
২০১৪ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন রাসেল। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। কেকেআরের হয়ে ১৩৩ ম্যাচে তিনি দুই হাজার পাঁচশোর বেশি রান করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য বহু ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
বল হাতেও ছিলেন সমান কার্যকর। কেকেআরের হয়ে ১২২টি উইকেট নিয়েছেন তিনি। দলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সুনীল নারাইনের পরেই তার অবস্থান। কেকেআরের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন এই তারকা।
আইপিএলের দুটি মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন রাসেল। ২০১৫ ও ২০১৯ সালে তার অসাধারণ পারফরম্যান্স দলকে বড় সাফল্য এনে দেয়। তবে সবশেষ মৌসুমে তিনি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ব্যাট হাতে রান কম ছিল, বল হাতেও উইকেট কম পেয়েছেন।
নতুন মৌসুম সামনে রেখে কেকেআর তাদের কোচিং দল নতুনভাবে সাজিয়েছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। সহকারী কোচ হিসেবে আছেন শেন ওয়াটসন এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টিম সাউদি। এই নতুন দলের সঙ্গে রাসেলও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/টিএ



















