
মাঠে এখন তারা প্রতিদ্বন্দ্বী, কিন্তু সম্পর্কের টান অটুট রয়েছে আগের মতোই। ব্রাজিল ও ফ্রান্সের প্রীতি ম্যাচের আগে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্মরণ করলেন সাবেক সতীর্থ নেইমার-কে। স্পষ্ট করে জানালেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারেন না তিনি।
একই দলে খেলার সময়ের স্মৃতি এখনও ভোলেননি এমবাপ্পে। ব্রাজিল দলে এখন কার প্রভাব বেশি এমন প্রশ্নে তিনি বলেন, নেইমার সব সময়ই আলাদা মানের খেলোয়াড়। তার মতে, বিশ্বকাপ মানেই বড় বড় তারকার মঞ্চ, আর নেইমার সেই মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।
এমবাপ্পে জানান, নেইমারের সঙ্গে খেলে তিনি অনেক কিছু শিখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এই ব্রাজিল তারকার এ কথাও তুলে ধরেন তিনি।
নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা থাকলেও এমবাপ্পে মনে করেন, বড় আসরে তিনি নিজের সেরাটা দেখাবেন। পাশাপাশি দলের কোচের সিদ্ধান্তকে সম্মান করাও জরুরি বলে মন্তব্য করেন ফরাসি অধিনায়ক।
ব্রাজিল ও ফ্রান্সের লড়াই সব সময়ই আকর্ষণীয়। অতীতের হিসাবে কিছুটা এগিয়ে থাকলেও ব্রাজিলকে হালকাভাবে নিচ্ছেন না এমবাপ্পে। তার মতে, পাঁচবার বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে কখনোই নিজেদের এগিয়ে ভাবা ঠিক নয়। বরং এটি নিজেদের সামর্থ্য প্রমাণের ভালো সুযোগ।
ভবিষ্যৎ নিয়েও কথা বলেন এমবাপ্পে। লাতিন আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় খেলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভবিষ্যতে কী হবে তা আগে থেকে বলা কঠিন। সুযোগ এলে নতুন অভিজ্ঞতা নিতে তিনি আগ্রহী।
শেষে তিনি মনে করিয়ে দেন, মাঠে লড়াই থাকলেও খেলা শেষে বন্ধুত্বই ফুটবলকে সুন্দর করে তোলে।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/টিএ



















