
শুরু হচ্ছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) টুর্নামেন্টের ১১তম আসরের পর্দা উঠবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই ফ্রাঞ্চাইজির মাঠ মাতাবেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও ওপেনার পারভেজ হোসেন ইমন।
পিএসএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোরের প্রতিপক্ষ নতুন ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মুস্তাফিজ-ইমনরা।
রাওয়ালপিন্ডিতে মুস্তাফিজ-ইমন ছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ড্যানিয়েল সামস, সিকান্দার রাজা, দিমুথ ভেল্লালাগে ও রুবিন হারম্যানের মতো ক্রিকেটাররা। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে শাহিন আফ্রিদি ছাড়াও আছেন ফখর জামান, হুসেইন তালাত, হারিস রউফ, উসামা মীর, আসিফ আলীর মতো ব্যাটাররা।
অন্যদিকে পিএসএলে অভিষেক হচ্ছে হায়দরাবাদ কিংসম্যান ফ্রাঞ্চাইজির। পিএসএলে এবার ২টি নতুন দল যুক্ত হয়েছে। যার মধ্যে একটি হায়দরাবাদ। এই দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মারনাস লাবুশেন। স্থানীয় কোনো ক্রিকেটারকে এই দলের নেতৃত্ব দেওয়া হয়নি।
দলে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন সাইম আইয়ুব, উসমান খান, মাজ সাদাকাত, আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা। এছাড়া বিদেশির মধ্যে লাবুশেন ছাড়াও আছেন আরেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এর বাইরেও কুশল পেরেরা, অটনেইল বার্টম্যান, রাইলি মেরিডিথের মতো ক্রিকেটাররা আছেন এই দলে।
আগামীকাল (২৬ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর ও হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি


















