
ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেট এই বছর আইপিএল খেলবেন না। তার মূল কারণ জাতীয় দলের টেস্ট ক্রিকেটে ভালো প্রস্তুতি নেওয়া। ডাকেট সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে ২০২ রান করেছিলেন এবং এবার তিনি ইংল্যান্ডে থেকে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে কখনো আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়নি।
ডিসেম্বরে আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়ার জন্য দুই কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। ডাকেট বলেন, আইপিএল খেলতে না পারা তার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। দিল্লির সবাইকে তিনি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, ‘এটা দারুণ একটি সুযোগ হতো। বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলাটা অসাধারণ অভিজ্ঞতা হত। তবে নিজের জন্য এবং জাতীয় দলের জন্য এই মুহূর্তে ইংল্যান্ডে থাকা সঠিক সিদ্ধান্ত।’
ডাকেট আরও জানিয়েছেন, বাড়ির বাইরে দীর্ঘ সময় কাটানোর পর এখন নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার প্রয়োজন। নটিংহ্যামশায়ারের হয়ে কিছু চার দিনের ম্যাচ খেয়ে তিনি গত গ্রীষ্মের ফর্ম ফেরানোর চেষ্টা করবেন। তাঁর মতে, এই অভিজ্ঞতা তাকে টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী করবে।
৩১ বছর বয়সী ডাকেট জানিয়েছেন, তিনি জানেন এই সিদ্ধান্তে হয়তো আবার কখনো আইপিএলে খেলার সুযোগ মিলবে না। তবে আশা করছেন ভবিষ্যতে দিল্লির হয়ে খেলতে পারবেন। বর্তমানে তার প্রধান লক্ষ্য জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে সঠিকভাবে খেলার জন্য নিজেকে প্রস্তুত করা।
ডাকেটের এই সিদ্ধান্ত দেখাচ্ছে, অনেক সময় বড় টুর্নামেন্টের অর্থ বা সুনাম যতই বেশি হোক, ক্রিকেটাররা নিজেদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার এবং দেশের হয়ে খেলার গুরুত্বকেই প্রাধান্য দিতে পারেন।
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ



















