Connect with us
ক্রিকেট

২১ হাজার কোটি টাকায় বেঙ্গালুরুর মালিকানা বিক্রি

Bengaluru
বেঙ্গালুরুর মালিকানা বিক্রি। ছবি: সংগৃহীত

আইপিএলের জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হয়েছে বড় অঙ্কের এক চুক্তিতে। প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকায় দলটি কিনে নিয়েছে একটি ব্যবসায়ী জোট।

এই জোটের নেতৃত্বে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। তাদের সঙ্গে আছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। নতুন এই মালিকানার অধীনে এখন থেকে পুরুষ ও নারী দুই দলই একই জোটের নিয়ন্ত্রণে থাকবে।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। তখন আট দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। প্রায় ১৮ বছর পর সেই দলের মূল্য বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ, যা আইপিএলের ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি।



চুক্তির অঙ্ক কতটা বড়, তা বোঝা যায় আরেকটি তথ্য থেকে। ২০২১ সালে নতুন দুটি দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদকে একসঙ্গে যে দামে বিক্রি করা হয়েছিল, বেঙ্গালুরুর বর্তমান মূল্য তার চেয়েও বেশি।

২০১৬ সালে বিজয় মালিয়া দেশ ছাড়ার পর থেকে দলটির নিয়ন্ত্রণে ছিল যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান। পরে বিভিন্ন ঘটনার পর দলটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে ২০২৫ সালের ৪ জুন শিরোপা উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় চাপ আরও বাড়ে। এরপর গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বিক্রির প্রক্রিয়া শুরু হয়।

নতুন মালিকানায় দলের চেয়ারম্যান হয়েছেন আর্যমান বিক্রম বিড়লা, যিনি আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লার ছেলে। তিনি আগে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং আইপিএলেও একটি দলে ছিলেন, যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

দলের সহ-চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সত্যেন গাজওয়ানি। এছাড়া এই জোটে আছেন বোল্ট ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ডেভিড ব্লিটজার এবং এক শীর্ষ নির্বাহী ভাইরাল প্যাটেল।

মালিকানা বদলের মাধ্যমে নতুন পথে হাঁটা শুরু করল বেঙ্গালুরু। এখন দেখার বিষয়, নতুন ব্যবস্থাপনায় দলটি মাঠের পারফরম্যান্সে কতটা পরিবর্তন আনতে পারে।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট