Connect with us
ক্রিকেট

বেন স্টোকসের খোলা চিঠি

অধিনায়ক হিসেবে গত তিন মাস সবচেয়ে কঠিন সময় ছিল

Ben Stokes
বেন স্টোকস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বড় ব্যবধানে অ্যাশেজ হারার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড দল। এমন পরিস্থিতিতে দলকে ঘিরে সমালোচনা বাড়লেও অধিনায়ক হিসেবে বেন স্টোকস–এর ওপরই আস্থা রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বোর্ড নিশ্চিত করেছে, টেস্ট দলের নেতৃত্বে থাকছেন স্টোকসই। পাশাপাশি কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রব কি বহাল আছেন।

দায়িত্বে বহাল থাকার খবরের পর সমর্থকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি দিয়েছেন স্টোকস। সেখানে তিনি জানিয়েছেন, গত তিন মাস তার জন্য খুব কঠিন ছিল। অধিনায়ক হিসেবে এটি তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের সময় বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে স্টোকস বলেন, দেশের হয়ে নেতৃত্ব দেওয়া একজন খেলোয়াড়ের জন্য বড় সম্মানের বিষয়। তবে এই সময় তাকে অনেক কিছু শিখিয়েছে। দলের ভুল স্বীকার করে তিনি জানান, ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা।



দলের প্রতি নিজের টানও তুলে ধরেছেন স্টোকস। তিনি বলেন, এই দলের হয়ে খেলতে এবং নেতৃত্ব দিতে তিনি গর্ববোধ করেন। কোচ ম্যাককালাম ও ব্যবস্থাপনা পরিচালক রব কি–এর সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে তিনি সন্তুষ্ট।

অ্যাশেজ চলাকালে দলের খেলার ধরণ নিয়ে স্টোকস ও ম্যাককালামের মধ্যে মতবিরোধের গুঞ্জন উঠেছিল। যদিও বিষয়টি অস্বীকার করা হয়েছে। বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড স্বীকার করেছেন, বড় হারের পর কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত সবাই সহজভাবে নাও নিতে পারে। তবুও বোর্ড মনে করছে, বর্তমান নেতৃত্বই দলের জন্য সঠিক পথ।

মাঠের পারফরম্যান্সে এবারের অ্যাশেজ স্টোকসের জন্য ভালো ছিল না। ব্যাট হাতে দশ ইনিংসে তিনি করেন ১৮৪ রান। বল হাতে ১৫টি উইকেট নিলেও শেষ টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অনভিজ্ঞ বোলিং আক্রমণ সামলাতেও তাকে বাড়তি চাপ নিতে হয়েছে।

আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে স্টোকসের।

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট