
এক মৌসুমও শেষ করতে পারলেন না আর্জেন্টাইন কোচ মাতিয়াস আলমেইদা। লিগে ধারাবাহিক ব্যর্থতার জেরে তাকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে সেভিয়া। দলটির সাম্প্রতিক ফলাফল এবং অবস্থান বিবেচনায় শেষ পর্যন্ত কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত শনিবার নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারের পর থেকেই আলমেইদার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচটিতে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সেই পরাজয়ের দুদিনের মধ্যেই সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। লিগে এখনও ৯টি ম্যাচ বাকি থাকলেও ক্লাব মনে করছে, এখনই পরিবর্তন আনা জরুরি।
গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর শুরু থেকেই ধারাবাহিকতা খুঁজে পায়নি সেভিয়া। আলমেইদার অধীনে মোট ৩২টি ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে জয় এসেছে মাত্র ১০টিতে, ৭টি ম্যাচ ড্র হয়েছে আর ১৫টিতে হারতে হয়েছে। এই পরিসংখ্যানই তার সময়টাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। লিগের ইতিহাসে অন্তত ২৫ ম্যাচ পরিচালনা করা কোচদের মধ্যে হারের হারের দিক থেকে তার অবস্থানও বেশ নিচের দিকে।
চলতি মৌসুমে সেভিয়ার অবস্থা আরও উদ্বেগজনক। ২৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ৩১ পয়েন্ট। পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে থাকা দলটি অবনমন অঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করছে। মাত্র ৩ পয়েন্টের ব্যবধান থাকায় যেকোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবশেষ আট লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া দলটির আত্মবিশ্বাসেও প্রভাব ফেলেছে।
মাঠের বাইরেও আলমেইদা ছিলেন আলোচনায়। গত মাসে আলাভেসর বিপক্ষে ম্যাচে ম্যাচ পরিচালকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে দলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ডাগআউটে থাকতে পারেননি, যা দল পরিচালনায় প্রভাব ফেলেছে বলেই মনে করছেন অনেকে।
ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে আলমেইদার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে। তবে নতুন কোচ হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কয়েকজন অভিজ্ঞ কোচের নাম বিবেচনায় রয়েছে। সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কোচ নিয়োগ দিয়ে দলকে গুছিয়ে নিতে চায় সেভিয়া।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/টিএ



















