
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাফ অভিযান। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ জানিয়েছে দল। সুযোগ-সুবিধা পুরোপুরি না পেলেও জয় নিয়েই মাঠে নামার কথা বলছে দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা।
মালদ্বীপে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ অনুশীলন সেশন পরিচালনা করেছেন প্রধান কোচ মার্ক কক্স। দলের টিম ম্যানেজার সামিদ কাসিম হোটেল ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ জানিয়েছেন।
তিনি বলেন, খেলোয়াড়রা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না। তারা ছাদের ওপর অনুশীলন করছে, যেখানে ঘাসের মাঠের মতো পরিবেশ নেই। মাঠের অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, অনেক জায়গায় ঘাস নেই, মানও ভালো নয়।
তবে এসব সমস্যা নিয়ে অজুহাত দাঁড় করাতে চান না কাসিম। তিনি জানান, দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। খেলোয়াড়দের মনোভাব ইতিবাচক এবং সবাই শিরোপার লক্ষ্য নিয়েই খেলতে প্রস্তুত। অনুশীলনে ফুটবলারদের বেশ প্রাণবন্তও দেখা গেছে। পাকিস্তানের বিপক্ষে ভালো ফলের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।
এদিকে বাংলাদেশের জাতীয় দল ভিয়েতনামে অবস্থান করছে। অনূর্ধ্ব-২০ নারী দল রয়েছে থাইল্যান্ডে। আর ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এখন মালদ্বীপে সাফ খেলতে ব্যস্ত সময় পার করছে। ঈদের আগেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দেশের ফুটবল দলগুলো।
উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ সাফে একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে তরুণরা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/টিএ


















